ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
৫ নভেম্বর, ২০২৬ ৪:৪১ পিএম
শেয়ার করুন:
ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কাটাখালি মোড়ে খুলনা-মোংলা মহাসড়কে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল সীমান্তের ওপার বসে দেশে পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা চালাচ্ছে। শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে দেশের শিল্পকারখানাগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। 

সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারখানায় ভাঙচুর ও নাশকতার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, "প্রকৃত শ্রমিকেরা কখনোই নিজেদের কর্মসংস্থানের উৎস ধ্বংস করতে পারেন না। শিল্পকারখানা শুধু দেশের নয়, শ্রমিকদেরও নিজস্ব সম্পদ। এগুলো ধ্বংস হলে শ্রমিক, তাঁদের পরিবার ও সন্তানেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।" যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ ও শ্রমিকসমাজকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি।

শ্রমিকদের সুযোগ-সুবিধা ও জীবনমানের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের দাবির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ড তাদের আনুষ্ঠানিক কাজ শুরু করেছে এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যে একটি সম্মানজনক নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়ে সরকারপ্রধান বলেন, খুলনা অঞ্চলের বন্ধ হয়ে যাওয়া পুরোনো মিল-কারখানাগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই সঙ্গে নতুন শিল্পকারখানা স্থাপনে দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিশেষ প্রণোদনা ও উৎসাহ দেওয়া হবে। 

তিনি আরও উল্লেখ করেন, খুলনা, বাগেরহাট ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে উত্তরাঞ্চলের পঞ্চগড় পর্যন্ত বিস্তৃত শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনমান উন্নয়ন করাই সরকারের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।