ফরিদপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৫ নভেম্বর, ২০২৬ ২:৩৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

নবজাতক ও শিশুর সুরক্ষায় মায়ের বুকের দুধের অপরিহার্যতা তুলে ধরতে এবং এ সংক্রান্ত আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা জেনারেল হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এবং বিধিমালা-২০১৭’ বাস্তবায়নের লক্ষ্যে এই আয়োজন করা হয়।

ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপপরিচালক ডা. রওশন জাহান আখতার আলো এবং ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. জয়াশীষ রায় ও ডা. শ্যামল কুমার রায়সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এতে জেলার বিভিন্ন উপজেলার মেডিকেল অফিসারগণও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, নবজাতকের সুস্থ বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। অথচ সচেতনতার অভাবে অনেকেই মাতৃদুগ্ধ বিকল্প খাবারের দিকে ঝুঁকছেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে মাতৃদুগ্ধ বিকল্প খাদ্যপণ্যের আগ্রাসী বিজ্ঞাপন ও অপপ্রচার রোধ, পণ্যের সঠিক মোড়ক ও লেবেলিং নিশ্চিতকরণ এবং আইন অমান্যকারীদের শাস্তির বিধান কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে তৎপর হতে হবে।

মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং মাতৃদুগ্ধ বিকল্প আইনের যথাযথ বাস্তবায়নে স্বাস্থ্যকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।