৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬ সফল করতে নাটোরে সাংগঠনিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মোঃ গোলাম রাব্বি, জেলা প্রতিনিধি, পাবনাঃ
২৬ জুলাই, ২০২৬ ৬:৪৬ পিএম
শেয়ার করুন:
৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬ সফল করতে নাটোরে সাংগঠনিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আয়োজনে "৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০২৬" সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক কমিটির প্রথম সভা রবিবার (২৬ জুলাই) নাটোর জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার স্কাউট নেতৃবৃন্দ, কর্মকর্তা, কাব স্কাউটিং-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংগঠনিক কমিটির সম্মানিত সদস্যরা অংশগ্রহণ করেন। 

আসন্ন কাব ক্যাম্পুরীকে সুশৃঙ্খল, নিরাপদ, আকর্ষণীয় ও শিক্ষামূলকভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, কর্মপরিকল্পনা এবং বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ক্যাম্পুরী বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, কাব স্কাউটিং শিশুদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, আত্মনির্ভরশীলতা, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীকে শিশুদের জন্য আনন্দঘন, সৃজনশীল, শিক্ষণীয় ও স্মরণীয় একটি মিলনমেলায় পরিণত করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় এবারের আঞ্চলিক কাব ক্যাম্পুরী রাজশাহী অঞ্চলের কাব স্কাউটদের জন্য একটি অনন্য ও সফল আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চল জানিয়েছে, কাব শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ, চরিত্র গঠন, নেতৃত্বের বিকাশ এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পুরীকে সফল করতে অঞ্চল পরিবারের সকল সদস্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।