টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্কঃ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩১ পিএম
শেয়ার করুন:
টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিপাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীর সবকটি (৫০টি) জেলাতেই জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে করে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সংস্থাগুলো বিশেষ ক্ষমতা নিয়ে দ্রুত কাজ করার সুযোগ পাচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ফলে রাজধানীর বিস্তৃত খাল নেটওয়ার্ক উপচে পানি লোকালয়ে ঢুকে পড়েছে। তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক, অলিগলি, বহু বাড়িঘর, রেস্তোরাঁ ও ব্যবসাপ্রতিষ্ঠান। অনেক এলাকায় বাসিন্দাদের হাঁটু থেকে উরুসমান পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে যুদ্ধকালীন প্রস্তুতি নিয়েছে ব্যাংকক প্রশাসন। দুর্গত মানুষের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং পানি আটকাতে প্রস্তুত রাখা হয়েছে প্রায় ১০ লাখ বালুর বস্তা। 

ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল। তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হলেও পানি নামতে আরও অন্তত দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। সংকটজনক পরিস্থিতিতে নগরবাসীকে নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে না বের হয়ে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে রাজধানীর দুর্যোগপূর্ণ পরিস্থিতির খবর পেয়ে নিজের যুক্তরাজ্য সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল। 

উল্লেখ্য, থাইল্যান্ডে বর্ষা মৌসুমে বন্যা নিয়মিত ঘটনা হলেও ২০১১ সালের বন্যা ছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ। সে সময় দেশব্যাপী প্রলয়ংকরী বন্যায় পাঁচ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছিল লাখ লাখ ঘরবাড়ি। বর্তমান পরিস্থিতি যেন সেই রূপ না নেয়, সেদিকে সতর্ক নজর রাখছে কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।