ফরিদপুরে শোভারামপুর দাসপাড়া মন্দিরে কাত্যায়নী পূজা ও ৮ দিনব্যাপী মহোৎসব শুরু

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৫ নভেম্বর, ২০২৬ ১০:০৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে শোভারামপুর দাসপাড়া মন্দিরে কাত্যায়নী পূজা ও ৮ দিনব্যাপী মহোৎসব শুরু

ফরিদপুর শহরের শোভারামপুর দাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী কাত্যায়নী পূজা ও ৮ দিনব্যাপী ধর্মীয় মহোৎসব শুরু হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এই মহোৎসব চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।

শোভারামপুর দাসপাড়া পূজা মন্দির উদযাপন কমিটি ও স্থানীয় ভক্তবৃন্দের উদ্যোগে সুইজ গেট বাজার সংলগ্ন মন্দির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে। 

উৎসবের প্রথম দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী বেনজির আহমেদ তাবরিজ। সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হয়। এতে ভাগবত পাঠ করেন শ্রী নিরাপদ মণ্ডল। এরপর রাত ৯টা ২৫ মিনিটে ভাগবত পাঠ করেন সাতক্ষীরার শ্রী বিল্বমঙ্গল দেবনাথ।

আয়োজক কমিটি জানায়, উৎসবের সূচি অনুযায়ী আগামী ১৬ নভেম্বর মহাসপ্তমী, ১৭ নভেম্বর মহাঅষ্টমী, ১৮ নভেম্বর মহানবমী এবং ১৯ নভেম্বর বিজয়া দশমীর পূজা অনুষ্ঠিত হবে। 

পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে ২০ নভেম্বর সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভগবদ্‌গীতা পাঠ করবেন শ্রীধাম শ্রীঅঙ্গণের সাধারণ সম্পাদক ড. শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী। একই দিন রাত ৮টায় ভাগবত পাঠ করবেন শ্রী গৌর হরিদাস (শুভঙ্কর)। ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন। এতে শ্রীমতী সম্পা রায়, শ্রীমতী লাবনী সরকার ও শ্রী ভরত কুমার দাসসহ দেশের বিভিন্ন এলাকার প্রখ্যাত কীর্তনশিল্পীরা অংশ নেবেন।

আগামী ২২ নভেম্বর কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, দধিমঙ্গল, জলকেলি, মহাপ্রভুর ভোগরাগ, মহাপ্রসাদ বিতরণ এবং মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে ৮ দিনব্যাপী এই মহোৎসবের সমাপ্তি ঘটবে।

আয়োজক কমিটির সভাপতি সজল কুমার দাস ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাস জানান, মহাষষ্ঠী থেকে অষ্টকালীন লীলাকীর্তন পর্যন্ত মন্দির প্রাঙ্গণে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া উৎসব চলাকালীন ভক্তদের জন্য দিন-রাত প্রসাদের সুব্যবস্থা থাকবে। তাঁরা সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে মহোৎসবে উপস্থিত হয়ে ধর্মীয় এই আয়োজনে অংশ নেওয়ার বিনীত আমন্ত্রণ জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।