এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় সরকারিভাবে লিজ নেওয়া জমিকে ‘মন্দিরের জায়গা’ আখ্যা দিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী হিন্দু পরিবার। জমি থেকে তাদের উচ্ছেদ করতে বসতঘর ভাঙচুর, গাছপালা কেটে নেওয়া এবং এলাকায় বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগও তোলা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরকান্দা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌমুখা গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নগরকান্দা পৌরসভার চৌমুখা গ্রামের মৃত অবতার মণ্ডলের ছেলে মৃত নারায়ণ চন্দ্র মণ্ডলের নামে বাংলাদেশ সরকার ২০০০ সালে একটি কবুলিয়াত প্রদান করে। পরিবারের দাবি, ১৫৭ নম্বর চৌমুখা মৌজার ৬৯৮ ও ৭০২ নম্বর দাগের মোট ৩৭ শতাংশ জমি তারা সরকারিভাবে লিজ নিয়ে বংশপরম্পরায় ভোগদখল করে আসছেন। সরকারি কবুলিয়াত পাওয়ার বহু আগে থেকেই নারায়ণ চন্দ্র মণ্ডল ওই জমিতে চাষাবাদ করতেন। তাঁর মৃত্যুর পর তিন ছেলে—বৃন্দাবন মণ্ডল, নিপেন মণ্ডল ও লিটন মণ্ডল তাঁদের পরিবার-পরিজন নিয়ে প্রায় ৩০ থেকে ৪০ বছর ধরে শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস ও জমি ভোগদখল করছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, সম্প্রতি এলাকার একটি স্বার্থান্বেষী মহল জমিটি জবরদখল ও তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদের পাঁয়তারা শুরু করেছে। মহলটি ওই লিজকৃত জমিকে মন্দিরের সম্পত্তি বলে এলাকায় মিথ্যা রটনা ছড়াচ্ছে এবং একটি ভীতিকর ‘মব’ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে গত ১০ সেপ্টেম্বর ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মানববন্ধনও করা হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, “স্থানীয় সিদাম বিশ্বাস, সজীব বিশ্বাস, কুমুদ বাড়ৈ, পরিতোষ বাড়ৈ, গৌতম বাড়ৈ, সঞ্জয় বাড়ৈ, চন্দ্র ভদ্র, চন্দন ভদ্র ও পিন্টু ভদ্রসহ তাদের লোকজন আমাদের বসতঘর ভাঙচুর করেছে এবং গাছপালা কেটে সাবাড় করেছে। আমাদের ভিটেমাটি থেকে তাড়িয়ে দেওয়ার অসৎ উদ্দেশ্যেই মন্দিরের জায়গা দখলের এ মনগড়া অভিযোগ তোলা হচ্ছে।”
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য বৃন্দাবন মণ্ডল, লিটন মণ্ডল, সুমন মণ্ডল, সুজাতা মণ্ডল ও পূর্ণিমা মণ্ডলসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন, মিথ্যা অপপ্রচার বন্ধ এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।