সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৭ অক্টোবর, ২০২৬ ৮:১৭ পিএম
শেয়ার করুন:
সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিভিন্ন অনিয়ম ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসন, বিএসটিআই ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে জ্বালানি তেলের পরিমাপে কারচুপির প্রমাণ মেলায় ‘সদরপুর ফিলিং স্টেশন’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ফিলিং স্টেশনটিতে প্রতি ১০ লিটার অকটেন, পেট্রোল ও ডিজেলে যথাক্রমে ১০০, ৮০ ও ১২০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল। এছাড়া বিস্কুট ও পাউরুটির মানসনদ (সিএম লাইসেন্স) সংক্রান্ত বিষয়ে অসত্য তথ্য দেওয়ায় ‘দাস বেকারি’কে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, ওষুধ খাতের অনিয়ম প্রতিরোধে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ‘ভোলানাথ মেডিকেল হল’কে ৫ হাজার টাকা এবং রেজিস্টার খাতা ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রির অপরাধে ‘চৌধুরী মেডিকেল হল’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া ড্রাগ ও ফার্মাসিস্ট লাইসেন্স না থাকা এবং নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে ‘লোকনাথ ফার্মেসি’কে ৮ হাজার টাকা এবং একই ধরনের অপরাধে ‘নিউ খান ফার্মেসি’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিভিন্ন ফার্মেসি থেকে জব্দ করা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার আশরাফ। অভিযানে বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার প্রকৌশলী এস এম সোহরাব হোসেনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।