চুয়েটে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা

অনলাইন ডেস্কঃ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০১ পিএম
শেয়ার করুন:
চুয়েটে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসজুড়ে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা এ কর্মসূচির ডাক দেন।

এর আগে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সোমবার গভীর রাতে ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন। 

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সোমবার রাতে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ সিদ্ধান্তের প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীনতা চত্বর’ থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। 

রাত ৮টার মধ্যে ছাত্রীদের হলে প্রবেশের নিয়ম থাকলেও উপাচার্য পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ার পর রাত ১১টার দিকে ছাত্রীরাও হল থেকে বের হয়ে এসে মিছিলে অংশ নেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, শিক্ষক আবাসিক এলাকা ও ছাত্রী হল প্রদক্ষিণ করে রাত ১২টার দিকে পুনরায় স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। 

পরবর্তীতে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং গভীর রাতেই ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। 

শিক্ষার্থীদের দাবি, সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দ্রুত স্বপদে পুনর্বহাল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।