এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন

অনলাইন ডেস্কঃ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১১ পিএম
শেয়ার করুন:
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন

রাজধানীর ন্যাম ভবন থেকে মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সড়কপথে সোমবার রাত আনুমানিক ১২টার দিকে মরিয়মের মরদেহ সাতক্ষীরার গাবুরায় পৌঁছায়। মরদেহ পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে সব প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছিল। পরবর্তীতে ধর্মীয় অনুশাসন অনুযায়ী গোসল ও জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় পরিবারের সদস্য ও নিকটাত্মীয় ছাড়াও স্থানীয় গ্রামবাসী এবং প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো রহস্য কাটেনি। পরিবারের সদস্যদের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।

এদিকে এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। এ মামলায় পুলিশ ইতিমধ্যে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেফতার করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।