অপ্রতিম হত্যা তদন্তে নতুন মোড়, সামনে এলো ৫ হাজার টাকার বিরোধ

অনলাইন ডেস্কঃ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০০ পিএম
শেয়ার করুন:
অপ্রতিম হত্যা তদন্তে নতুন মোড়, সামনে এলো ৫ হাজার টাকার বিরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। আইফোন ছিনতাইয়ের সন্দেহের পাশাপাশি এবার হত্যাকাণ্ডের পেছনে মাত্র ৫ হাজার টাকা ধার দেওয়া নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে। 

এ ঘটনায় আটক তুহিন নামের এক আসামিকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এবং তার মুঠোফোনে আসা একটি কলের সূত্র ধরে আরও দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

ফোনের সূত্র ধরে আরেক কিশোর আটক: 
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শনিবার সকাল ৯টার দিকে তুহিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তখনো অপ্রতিমের মরদেহ উদ্ধারের তথ্য পুলিশের কাছে ছিল না (বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধারের খবর আসে)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করলেও রাতের দিকে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন। তবে তিনি অন্যদের নাম বলতে অস্বীকৃতি জানিয়ে দাবি করেন, সহযোগীদের নাম প্রকাশ না করার বিষয়ে তিনি ‘ওয়াদাবদ্ধ’ ছিলেন।

এদিকে জিজ্ঞাসাবাদের সময় তুহিনের মুঠোফোনে বারবার একটি নম্বর থেকে ফোন আসছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ নজরদারি বাড়ায় এবং কলকারী এক কিশোরকে হেফাজতে নেয়। আটক কিশোরের গায়ে তখন অপ্রতিমের বাবার ব্যবসাপ্রতিষ্ঠানের নাম লেখা টি-শার্ট ছিল। পরে তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে হেফাজতে নেওয়া হয়।

ধার নেওয়া টাকা নিয়ে বিরোধ:  
পুলিশ সূত্রে জানা গেছে, অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের মোবাইল যন্ত্রাংশ বিক্রির প্রতিষ্ঠান ‘ইয়েসটেক’-এ কাজ করত আটক হওয়া ওই কিশোর। অপ্রতিম কিছুদিন আগে তাকে ৫ হাজার টাকা ধার দিয়েছিল। সেই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে টানাপোড়েন ও বিরোধের সৃষ্টি হয়। 

তদন্তকারীদের ধারণা, টাকা ফেরত চাওয়ায় ওই কিশোর অপ্রতিমের ওপর ক্ষুব্ধ ছিল। এমনকি অপ্রতিম না থাকলে ধার করা টাকা আর ফেরত দিতে হবে না—এমন চিন্তা থেকেই এই নির্মম ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে শুধু এই বিরোধ ও আইফোনের কারণেই হত্যাকাণ্ড ঘটেছে, নাকি নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা এখনো খতিয়ে দেখছে পুলিশ।

নিখোঁজের ২০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার:  
এর আগে গত শুক্রবার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেট সংলগ্ন দক্ষিণ সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, যা তার বাসা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।