সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ সদস্যসহ নিহত ৯

অনলাইন ডেস্কঃ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৪ পিএম
শেয়ার করুন:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ সদস্যসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-আহসায় দুটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক দম্পতি, তাদের তিন ছেলে ও দুই মেয়ে। এছাড়া অপর গাড়িতে থাকা দুই তরুণও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

সৌদি গণমাধ্যম ও স্থানীয় ট্রাফিক বিভাগের বরাত দিয়ে জানা গেছে, আল-আহসা ও পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার সংযোগকারী আল-উকাইর–আল-উয়ুন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিবারের সাতজন একটি গাড়িতে ছিলেন এবং অন্য গাড়িতে ছিলেন ওই দুই তরুণ। পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন (লেইন পরিবর্তন) করায় নিয়ন্ত্রণ হারিয়ে অপর গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। তবে গাড়িটি কেন হঠাৎ দিক পরিবর্তন করেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

সংঘর্ষের তীব্রতায় গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায় এবং এর ভেতরেই আরোহীরা আটকা পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের জরুরি উদ্ধারকারী দল। দুর্ঘটনাস্থল থেকেই আটকে পড়াদের উদ্ধার করা হলেও চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক নজরদারিসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের ট্রাফিক নিরাপত্তা সংক্রান্ত এক বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ৬০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে—নিরাপদ দূরত্ব বজায় না রাখা (২৯.২ শতাংশ) এবং হঠাৎ দিক পরিবর্তন করা (২৭.৯ শতাংশ)। 

কর্তৃপক্ষের নানামুখী পদক্ষেপে দুর্ঘটনা কমার ধারাবাহিকতার মধ্যেই আল-আহসার এই মর্মান্তিক ঘটনাটি সড়কে ট্রাফিক নিয়ম না মানা ও সামান্য অসতর্কতার ভয়াবহ পরিণতি আবারও সামনে নিয়ে এলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।