পুলিশের গাড়িতে আগুন, ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

অনলাইন ডেস্কঃ
২ নভেম্বর, ২০২৬ ৪:৪৭ পিএম
শেয়ার করুন:
পুলিশের গাড়িতে আগুন, ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মুহাম্মদ রাশেদ খাঁন। 

সোমবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি ও অভিযোগ তোলেন।

রাশেদ খাঁন অভিযোগ করেন, সম্প্রতি জামায়াত আমির এক বক্তব্যে বলেছিলেন—*‘জনগণ আমাদের সঙ্গে থাকলে সাত দফা বাস্তবায়ন করে ছাড়ব। আমরা সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব।’* তাঁর এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের মাধ্যমেই মূলত আন্দোলনরত পোশাক শ্রমিকদের মধ্যে সহিংসতা ও অগ্নিসন্ত্রাস উসকে দেওয়া হয়েছে। ফলে মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনার দায় জামায়াত আমির কোনোভাবেই এড়াতে পারেন না।

সাংবাদিকদের তিনি বলেন, “মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় অগ্নিসন্ত্রাসের দায় জামায়াতের আমির এড়াতে পারেন না। এই নাশকতার দায়ে জামায়াতের আমিরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। উসকানিদাতা হিসেবে তাঁকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।”

রাশেদ খাঁন আরও দাবি করেন, “দেশে আওয়ামী লীগ যে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাচ্ছে, তার পেছনে জামায়াতের সম্পৃক্ততা রয়েছে; জামায়াতই তাদের উসকে দিচ্ছে। লংমার্চে বক্তব্য দিয়ে বলা হলো ‘সবকিছু তছনছ করে দেওয়া হবে’, আবার এখন ফেসবুকে পোস্ট দিয়ে বলা হচ্ছে ‘সরকারকে কঠোর হতে হবে’। একদিকে নৈরাজ্যের হুমকি দিয়ে অন্যদিকে কঠোর হওয়ার কথা বলা চরম দ্বিচারিতা। দেশে সংঘটিত অগ্নিসংযোগ ও নাশকতার দায় জামায়াত আমিরকে নিতেই হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।