নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান: ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১ নভেম্বর, ২০২৬ ৪:০৬ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান: ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মান্দা, সদর ও বদলগাছী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের রাতভর পরিচালিত মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (১ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক তিনটি স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও এই মাদক উদ্ধার করা হয়। 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানের বিবরণ দিয়ে পুলিশ জানায়, রোববার ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মান্দা উপজেলার রঘুনাথপুর গ্রামে আরিফ হোসেনের (৩০) বাড়িতে অভিযান চালানো হয়। স্থানীয়দের উপস্থিতিতে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি স্টিলের ট্রাংকের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৪ কেজি ওজনের ৫টি প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আরিফকে আটক করা হয়।

পরে গ্রেপ্তার আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার কুমাইগাড়ী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী মোশাররফের (৩৩) ঘরে অভিযান চালানো হয়। সেখানে তাঁর শয়নকক্ষের চৌকির নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে রক্ষিত ২ কেজি গাঁজা জব্দ করাসহ মোশাররফকে গ্রেপ্তার করা হয়। 

ধারাবাহিক এই অভিযানের শেষ পর্যায়ে মোশাররফের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে বদলগাছী উপজেলার নেহিনপুর গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে শিলং (২৩) নামের এক ব্যক্তির বাড়ি তল্লাশি করে তাঁর শয়নকক্ষ থেকে আরও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় শিলংয়ের পাশাপাশি তাঁর সহযোগী আরাফাতকেও (২৩) গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, তিন উপজেলার পৃথক তিনটি অভিযানে সর্বমোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের এমন কঠোর ও সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।