কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চতুর্থ চালান

অনলাইন ডেস্কঃ
৩১ অক্টোবর, ২০২৬ ১১:০৮ এএম
শেয়ার করুন:
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চতুর্থ চালান

রাশিয়া থেকে আসা পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের চতুর্থ চালান কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। 

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাবেষ্টনীতে ইউরেনিয়ামবাহী ৩টি বিশেষায়িত লরি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, এ নিয়ে রূপপুরের প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি এবং দ্বিতীয় ইউনিটের তিনটিসহ মোট চারটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল। 

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা ‘রোসাটম’ জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে।

রাশিয়ার সর্বাধুনিক ভিভিইআর-১২০০ প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। বর্তমানে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) এ কার্যক্রমের আনুষ্ঠানিক অনুমোদন দেয়।

সংশ্লিষ্ট প্রকৌশলীদের মতে, স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের কার্যক্ষমতা বাড়ানো হবে এবং কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর ও স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এ ধাপের সব পরীক্ষা সফল হলে প্রথম ইউনিটের জেনারেটরকে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত (সিনক্রোনাইজেশন) করা হবে।

সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে এবং নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত ছাড়পত্র সাপেক্ষে চলতি নভেম্বর মাসেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।