প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত ছাত্রদলের ইউনিয়ন কমিটি

অনলাইন ডেস্কঃ
৩১ অক্টোবর, ২০২৬ ১১:০২ এএম
শেয়ার করুন:
প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত ছাত্রদলের ইউনিয়ন কমিটি

পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকুর রহমান (আকাশ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান সুমন ও সদস্য সচিব মো. মেহেদি হাসান তুহিনের নির্দেশনায় এই কমিটি বিলুপ্ত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অধীনস্থ ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। 

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব যেন শালীন ও মার্জিত থাকে এবং কোনো ধরনের অশ্লীলতা না ঘটে, সে বিষয়ে প্রতিমন্ত্রী শুরুতেই স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু তাঁর সেই নির্দেশনা অমান্য করে মঞ্চে কুরুচিপূর্ণ ও অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। এতে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে, শুক্রবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চিলাহাটি ইউনিয়নের ওই ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট জানান, বারবার সতর্ক করার পরও দলীয় ভাবমূর্তি নষ্ট করে যারা এমন কর্মকাণ্ড করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। 

প্রতিমন্ত্রীর এমন কড়া বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই চিলাহাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেয় উপজেলা ছাত্রদল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।