কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ২০০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ চালু

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
২৯ অক্টোবর, ২০২৬ ৯:১৬ পিএম
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ২০০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ চালু

জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ২০০ কিলোওয়াট পিক (kWp) ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্ল্যান্ট সফলভাবে চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। চালুর প্রথম দিনেই কার্যালয়ের নিজস্ব বিদ্যুতের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে কুষ্টিয়ায় সরকারি পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের এক নতুন দিগন্তের সূচনা হলো।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্পূর্ণ সরকারি অর্থায়নে ‘ক্যাপেক্স’ (Capex) মডেলে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এতে সরকারি বরাদ্দ ছিল ৭৫ লাখ টাকা। এই মডেলের সুবিধা হলো, প্রকল্পের শতভাগ বিনিয়োগ সরাসরি সরকারি তহবিল থেকে হওয়ায় স্থাপিত প্ল্যান্টের পূর্ণ মালিকানা সংশ্লিষ্ট কার্যালয়ের হাতেই থাকবে। 

বৃহস্পতিবার সৌরবিদ্যুৎ প্ল্যান্টটি চালুর সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব মোঃ মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল আলম, সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেহেদী হাসান রিফাত, ওজোপাডিকো কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী আসিফ-আল-মাহমূদ এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ‘পিকো ল্যাবস’ (Pico Labs)-এর প্রতিনিধিবৃন্দ। 

উপস্থিত কর্মকর্তারা সোলার প্ল্যান্টের কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রকল্পের বিভিন্ন কারিগরি দিক নিয়ে পর্যালোচনা করেন।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) মোঃ মিজানুর রহমান জানান, “আজ সকাল ১০টায় প্ল্যান্টটি সফলভাবে চালু করা হয়। প্রথম দিনেই এটি কার্যালয়ের নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণ করেছে এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলা প্রশাসনের হাত ধরে কুষ্টিয়ায় নবায়নযোগ্য জ্বালানির সফল সূচনা ঘটল।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের এই পরিবেশবান্ধব ও সাশ্রয়ী উদ্যোগ জেলার অন্যান্য সরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।