ফরিদপুরে পূজামণ্ডপের নান্দনিক সাজসজ্জায় সম্মাননা স্মারক প্রদান

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৯ অক্টোবর, ২০২৬ ৯:০৫ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে পূজামণ্ডপের নান্দনিক সাজসজ্জায় সম্মাননা স্মারক প্রদান

ফরিদপুরে শারদ পুনর্মিলনী উপলক্ষে দুর্গাপূজায় সৃজনশীল মণ্ডপসজ্জা ও ব্যতিক্রমী কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর শহরের আলিপুরের বান্ধব পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি ‘প্রকৃতিকে বাঁচান, জীবন বাঁচান’ প্রতিপাদ্যে নান্দনিক মন্দিরসজ্জা ও পরিবেশবান্ধব ব্যতিক্রমী মণ্ডপ নির্মাণ করে দর্শনার্থীদের ভূয়সী প্রশংসা কুড়ায়। তাদের এই সচেতনতামূলক ও সৃজনশীল আয়োজনের স্বীকৃতি হিসেবে কমিটির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা শাখার সভাপতি সজল বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাসদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক হাসানুজ্জামান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশোক সিংহ রায়, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক মোতালেব হোসেন, নাট্যকুঞ্জের সভাপতি নিরব ইমতিয়াজ শান্ত, শ্যামল জমাদার এবং বান্ধব পল্লী সার্বজনীন পূজা কমিটির সভাপতি সজল জমাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। সৃজনশীল চিন্তা ও সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে উৎসবগুলো আরও অর্থবহ হয়ে ওঠে। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। একই সঙ্গে এ বছর শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বক্তারা।

অনুষ্ঠানে সম্প্রতি ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করায় ফরিদপুরের তরুণ সাংস্কৃতিক কর্মী নিরব ইমতিয়াজ শান্তকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

অনুপম নন্দীর সঞ্চালনায় এ সময় পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।