ফরিদপুরে আদালত এলাকা থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে জখম, হাত-পায়ের রগ কর্তন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৯ অক্টোবর, ২০২৬ ৯:১২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে আদালত এলাকা থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে জখম, হাত-পায়ের রগ কর্তন

ফরিদপুর শহরের আদালত এলাকা থেকে এক যুবককে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তরা তাঁর বাঁ হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় শাহেদা বেগমের বাড়ির পাশে রেললাইনে এ হামলার ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন।

আহত ব্যক্তির নাম মো. বাচ্চু খাঁ (৩২)। তিনি শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার বাসিন্দা ও পেশায় রিকশাচালক লাবলু খাঁর ছেলে। বাচ্চু খাঁ নিজেও পেশায় একজন ডেকোরেটর শ্রমিক এবং তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

আহতের ভাই বাদল খাঁ জানান, সকালে এক বন্ধুর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে আদালতপাড়ায় যান বাচ্চু। দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে ১৫ থেকে ২০ জনের একটি দল জোরপূর্বক তাঁকে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায়। পরে শহরের লাশকাটা ঘর বস্তি এলাকার রেললাইনের পাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। দুর্বৃত্তরা তাঁর বাঁ হাত ও দুই পায়ের রগ কেটে ফেলে রেখে পালিয়ে যায়।

হামলার পেছনে কী কারণ রয়েছে কিংবা কারা এতে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আদালত এলাকা থেকে কাউকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার বিষয়ে তাঁর কাছে এখনো কোনো তথ্য আসেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।