সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ৯ শ্রমিকের মৃত্যু: চার দিন পর অপমৃত্যু মামলা

অনলাইন ডেস্কঃ
১৮ আগস্ট, ২০২৬ ৪:৫৩ পিএম
শেয়ার করুন:
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ৯ শ্রমিকের মৃত্যু: চার দিন পর অপমৃত্যু মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূলে ‘ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে’ বিস্ফোরণ ও বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিক নিহতের ঘটনার চার দিন পর একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার রাতে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর চার দিন পেরিয়ে গেলেও নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। ফলে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ নিজেই বাদী হয়ে এই অপমৃত্যুর মামলাটি করে। তবে নিহতের স্বজনরা পরবর্তীতে কোনো মামলা করলে সেটিও নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হবে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিক নিহতের ঘটনার চার দিন পেরিয়ে গেলেও স্বজনদের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। তাই পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে। ময়নাতদন্ত, ফরেনসিক রিপোর্ট এবং তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে নাম প্রকাশ না করার শর্তে নিহতদের কয়েকজন স্বজন জানিয়েছেন, কারখানা কর্তৃপক্ষের সম্ভাব্য রোষানল ও বিরূপ প্রতিক্রিয়ার ভয়ে তাঁরা কোনো আইনি পদক্ষেপ না নিয়ে নীরব রয়েছেন।

ঘটনার পটভূমি ও তদন্তের অগ্রগতি:
গত শুক্রবার সকালে ভাটিয়ারী উপকূলের ফেরদৌস স্টিল নামক জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের কাটিং কাজ চলাকালে আকস্মিক বিস্ফোরণ ঘটে এবং ভেতরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে বিষক্রিয়া ও অগ্নিদগ্ধ হয়ে ৯ জন শ্রমিক প্রাণ হারান এবং আরও অন্তত ১০ জন শ্রমিক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিচাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআর) পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। গ্যাস ছড়িয়ে পড়ার রহস্য উদ্ঘাটনে এই কমিটিগুলোর সমন্বয়ে একটি যৌথ বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। 

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল দিনভর বিশেষজ্ঞ দলটি কারখানায় অবস্থান করলেও জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাসের তীব্রতা বেশি থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে গ্যাস ছড়িয়ে পড়ার মূল উৎস, কাটিংয়ের আগে জাহাজটি পুরোপুরি বিষাক্ত গ্যাসমুক্ত করা হয়েছিল কি না কিংবা কারখানায় নিরাপত্তাজনিত কোনো গাফিলতি ছিল কি না—তা এখনো নিশ্চিতভাবে উদঘাটন করা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।