মহম্মদপুরে ‘ছিনতাই হওয়া’ ৮ মাসের শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার, রহস্যের জট খুলতে মাকে জিজ্ঞাসাবাদ

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
১৮ নভেম্বর, ২০২৬ ৬:৩৩ পিএম
শেয়ার করুন:
মহম্মদপুরে ‘ছিনতাই হওয়া’ ৮ মাসের শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার, রহস্যের জট খুলতে মাকে জিজ্ঞাসাবাদ

মাগুরার মহম্মদপুর উপজেলায় মায়ের কোল থেকে অচেতন করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠার দুই দিন পর নিখোঁজ আট মাস বয়সী শিশু রাশমিতা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার লক্ষ্মীপুর এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় রহস্যের নতুন মোড় নিয়েছে; জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার লক্ষ্মীপুর এলাকার আবদুর শুকুর ডাক্তারের বাড়ির পাশের পুকুরে একটি বস্তু ভাসতে দেখে ফাহাদ নামে স্থানীয় এক শিশু। প্রথমে পুতুল ভেবে সেটি পানি থেকে তুলতে গিয়ে সে দেখতে পায়, এটি একটি শিশুর নিথর দেহ। পরে বিষয়টি পরিবার ও স্থানীয়দের জানালে দ্রুত এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রাশমিতা চক্রবর্তীর। 

নিহত রাশমিতা মহম্মদপুর উপজেলার বাজার রাধানগর এলাকার সমীর কুমার চক্রবর্তীর সন্তান। 

এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজাপুর এলাকা থেকে রাশমিতার মা নন্দীতা চক্রবর্তীকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। জ্ঞান ফেরার পর তিনি দাবি করেন, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দুর্বৃত্তরা তাকে অচেতন করে কোল থেকে আট মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে গেছে। ওই অভিযোগের পর থেকেই শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম তৎপরতা শুরু করে।

তবে স্থানীয়দের বক্তব্য ঘটনাটিতে নতুন সন্দেহের সৃষ্টি করেছে। লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান জানান, সোমবার সন্ধ্যায় নন্দীতা চক্রবর্তীকে লক্ষ্মীপুর মোড়ে একা দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। তখন জানতে চাইলে তিনি জানিয়েছিলেন, রাজাপুর যাওয়ার জন্য ভ্যানের অপেক্ষায় আছেন। ওই সময়ে শিশুটি তার সঙ্গে ছিল কি না কিংবা সেখানে কী ঘটেছিল, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা সমীর কুমার চক্রবর্তী। আহাজারি করে তিনি বলেন, “আমার স্ত্রী বলেছিল সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আমার কোল খালি হয়ে গেল।” তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও অপহরণের দাবির সত্যতা যাচাইয়ে শিশুটির মা নন্দীতা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।