চিম্বুক রেঞ্জে ম্রো সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি, বান্দরবানঃ
১৫ নভেম্বর, ২০২৬ ৫:২১ পিএম
শেয়ার করুন:
চিম্বুক রেঞ্জে ম্রো সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের চিম্বুক রেঞ্জের পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠী ম্রো সম্প্রদায়ের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্থানীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (জুনিয়র হাই স্কুল)। ‘চিম্বুক হেডম্যান পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ নামের এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

শনিবার সন্ধ্যায় বান্দরবানের টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংইয়ং ম্রো এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, বান্দরবান-রুমা-থানচি সড়কের ম্রলং পাড়া থেকে জীবননগর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে সড়কের দুই পাশে প্রায় ৪০টি পাড়া ও গ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বসবাস। কিন্তু বিশাল এই জনপদে কোনো উচ্চ বিদ্যালয় তো দূরের কথা, একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ও নেই।

ভবিষ্যৎ প্রজন্মের উন্নত জীবন গড়ে তুলতে এবং এলাকার ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়টি প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয়দের মধ্যে এ পর্যন্ত ছয়বার সভা অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে গত ১২ নভেম্বর এলাকায় ষষ্ঠবারের মতো শিক্ষা বিষয়ক সভা হয়। ওই সভায় ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ‘চিম্বুক হেডম্যান পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’-এ পাঠদান শুরু করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য দনওয়াই ম্রো, ইমানুয়েল মেডিকেল সেন্টার ও সাঙ্গু ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডা. জ্যোতিময় মুরং , দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেনয়াং ম্রো এবং বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ ম্রোসহ ম্রো সম্প্রদায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শিক্ষানুরাগী ও টংকাবতী ইউপি চেয়ারম্যান মাংইয়ং ম্রো আরও জানান, বিদ্যালয় পরিচালনার জন্য এরই মধ্যে চারজন শিক্ষক ও একজন অফিস সহায়ক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়ায় এক-তৃতীয়াংশ নারী প্রার্থীকে বিবেচনায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বিদ্যালয়টির অবকাঠামো নির্মাণ করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন উদ্যোগে চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় ম্রো জনগোষ্ঠীর বাসিন্দারা জানান, চিম্বুক রেঞ্জের বান্দরবান-রুমা-থানচি সড়কের দুই পাশে বসবাসরত ম্রো সম্প্রদায়ের মানুষ মূলত জুম চাষ ও বাগান আবাদ করে জীবিকা নির্বাহ করেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত হতে না হতেই এখানকার প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ে। প্রাথমিক শিক্ষার পর পরবর্তী ধাপে সন্তানদের কোথায় পড়াবেন—এমন দুশ্চিন্তা অভিভাবকদের মনে সব সময় কাজ করে। ফলে সন্তানদের নিয়মিত প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতেও অনেক অভিভাবক আগ্রহ পান না।

তাদের মতে, চিম্বুক রেঞ্জে এই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি চালু হলে স্থানীয় অভিভাবকদের দুশ্চিন্তা দূর হবে এবং সন্তানদের লেখাপড়া শেখানোর উৎসাহ বাড়বে। তবে প্রতিষ্ঠানটি যদি দশম শ্রেণি পর্যন্ত পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয় হতো, তাহলে শিক্ষার্থীদের ধারাবাহিক পড়াশোনার সুযোগ আরও বৃদ্ধি পেত বলেও মনে করেন তারা।

এদিকে চিম্বুক রেঞ্জের পূরা-বাংলা এলাকার বাসিন্দা ও রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং বিএনপি নেতা ঙানরাও ম্রো জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি সম্প্রতি ম্রো পাড়া পরিদর্শনে এসে চিম্বুক রেঞ্জের অধিবাসীদের শিক্ষার সুযোগ তৈরিতে আবাসিক সুবিধাসহ মহাবিদ্যালয় (কলেজ) ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চালুর পাশাপাশি মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আবাসিক সংযুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজ প্রতিষ্ঠার জন্য এরই মধ্যে জায়গা নির্বাচনের কাজ চলছে। চিম্বুক রেঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে পার্বত্য মন্ত্রীর আন্তরিকতা ও সার্বিক সহযোগিতার কোনো অভাব নেই বলেও উল্লেখ করেন ইউপি সদস্য ঙানরাও ম্রো।

অন্যদিকে চিম্বুক রেঞ্জের স্থানীয় বাসিন্দারা জানান, অতীতে চিমবক ম্রো নামে একজন মৌজা হেডম্যান ছিলেন। সময়ের বিবর্তনে ‘চিমবক’ নামটি থেকেই বর্তমানে ‘চিম্বুক’ হয়েছে। প্রয়াত মৌজা হেডম্যান চিমবক ম্রো-এর নামানুসারেই এই শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘চিম্বুক হেডম্যান পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।