উড্ডয়নের আগ মুহূর্তে এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাক আতঙ্ক

অনলাইন ডেস্কঃ
১১ নভেম্বর, ২০২৬ ৩:০৬ পিএম
শেয়ার করুন:
উড্ডয়নের আগ মুহূর্তে এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাক আতঙ্ক

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ‘হাইজ্যাক’ বা বিমান ছিনতাইয়ের আশঙ্কায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার সকালে মুম্বাইগামী ফ্লাইটটিতে এ সতর্কবার্তা জারি করা হলে দ্রুত পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার ‘এআই ৭৭২’ (এয়ারবাস ৩২০ নিও) ফ্লাইটটির মুম্বাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটিতে হাইজ্যাকের হুমকিমূলক একটি বার্তা পাওয়া যায়। বিষয়টি নজরে আসতেই কেবিন ক্রুরা তাৎক্ষণিকভাবে বিমানের পাইলটকে অবহিত করেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পাইলট দ্রুত এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে (এটিসি) জরুরি বার্তা পাঠান। সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়। রানওয়ের নিরাপত্তা ও অন্যান্য বিমানের চলাচল স্বাভাবিক রাখতে ফ্লাইটটিকে দ্রুত রানওয়ে থেকে সরিয়ে বিমানবন্দরের ‘আইসোলেশন বে’-তে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরপরই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর সদস্যসহ বিমানবন্দর নিরাপত্তার শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনে বিমানে থাকা সব যাত্রী এবং তাদের সঙ্গে থাকা মালামালের পুঙ্খানুপুঙ্খ স্ক্যানিং ও জোরদার তল্লাশি শুরু হয়। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বিষয়ক পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা ও আনুষ্ঠানিক ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বিমানটিকে উড্ডয়নের কোনো অনুমতি দেওয়া হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।