এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কলার ছড়া কাটার পর কৃষকের জমিতে ফেলে দেওয়া কলাগাছ কিংবা নদী-নালা ও জলাশয়ে অযত্নে বেড়ে ওঠা কচুরিপানা—সাধারণের চোখে যা শুধুই জঞ্জাল ও আগাছা, তা দিয়েই বাজিমাত করেছেন নোয়াখালীর সুবর্ণচরের তরুণ উদ্যোক্তা শংকর মজুমদার। পরিবেশবান্ধব উপায়ে এসব পরিত্যক্ত উপাদান থেকে সুতা তৈরি করে নির্জন চরের একটি সাধারণ উদ্যোগকে তিনি রূপ দিয়েছেন সম্ভাবনাময় আন্তর্জাতিক বাণিজ্যে। তাঁর তৈরি সুতা এখন দেশের গণ্ডি পেরিয়ে নিয়মিত রপ্তানি হচ্ছে চীন ও ইউরোপের বাজারে।
ইউটিউব দেখে উদ্যোগের শুরু
উদ্যোক্তা শংকর মজুমদার জানান, ইউটিউবে বিভিন্ন উদ্ভাবনী ভিডিও দেখে কলাগাছ ও কচুরিপানা থেকে আঁশ বা সুতা তৈরির ধারণা পান তিনি। শুরুতে নিজের কোনো পুঁজি না থাকায় বাবার সহযোগিতায় একটি মেশিন কিনে ক্ষুদ্র পরিসরে কাজ শুরু করেন। উদ্যোগটি আদৌ সফল হবে কি না, তা নিয়ে শুরুতে কিছুটা সংশয় থাকলেও গুণগত মানের কারণে দ্রুতই তাঁর সুতার কদর বাড়তে থাকে। বর্তমানে তাঁর কারখানায় নিয়মিত কাজ করছেন ১০ থেকে ১৫ জন স্থানীয় শ্রমিক, যার ফলে সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান।
যেভাবে তৈরি হয় পরিবেশবান্ধব সুতা
কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, উৎপাদন প্রক্রিয়ার শুরুতে আশপাশের কৃষিজমি ও জলাশয় থেকে পরিত্যক্ত কলাগাছ ও কচুরিপানা সংগ্রহ করা হয়। পরে মেশিনের সাহায্যে সেগুলো প্রক্রিয়াজাত করে আঁশ আলাদা করা হয়। আঁশগুলো কয়েক দফা পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানো হয়। শুকানোর পর নির্দিষ্ট মানে প্যাকেটজাত করে তা বিক্রির উপযোগী করা হয়।
শুধু মূল সুতাই নয়, আঁশ ছাড়ানোর পর যে উচ্ছিষ্ট বা বর্জ্য অবশিষ্ট থাকে, তাও প্রতি কেজি প্রায় ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই বর্জ্য নার্সারিতে কোকোডাস্টের বিকল্প এবং জৈব উপাদান বা গোখাদ্য হিসেবে ব্যবহারের দারুণ সম্ভাবনা তৈরি করেছে।
আন্তর্জাতিক বাজারে বিপুল কদর, সংকট কেবল পুঁজিতে
উদ্যোক্তার দেওয়া তথ্যমতে, কারখানায় উৎপাদিত কলাগাছের সুতা প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা এবং কচুরিপানার সুতা ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কলাগাছের তৈরি সুতা রপ্তানি হচ্ছে চীনে এবং কচুরিপানার সুতা যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে।
শংকর মজুমদার বলেন, *“বিভিন্ন দেশ থেকে নিয়মিত যোগাযোগ করে প্রতি মাসে প্রায় ১০০ টন সুতা সরবরাহের চাহিদা দেওয়া হচ্ছে। কিন্তু পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি, অবকাঠামো ও প্রয়োজনীয় পুঁজির অভাবে এই বিপুল চাহিদা আমরা মেটাতে পারছি না। সরকারি বা প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব।”*
এলাকার তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা
উপকূলীয় সুবর্ণচরে কাঁচামাল হিসেবে কলাগাছ ও কচুরিপানার সহজলভ্যতা রয়েছে। শংকরের এই উদ্ভাবন দেখে আশপাশের বেকার যুবকদের মধ্যেও নতুন উদ্যোগ নেওয়ার আগ্রহ তৈরি হয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ তাঁর কারখানা দেখতে আসছেন এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জেনে যাচ্ছেন।
প্রশাসনের সহযোগিতার আশ্বাস
সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশীদ আলম জানান, শংকর মজুমদারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি যুবসমাজকে আত্মকর্মসংস্থানের পথ দেখাচ্ছেন। যুব উন্নয়ন অধিদপ্তর সব সময় তাঁর পাশে থাকবে এবং তাঁকে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, “সহজলভ্য কচুরিপানা ও কলাগাছ থেকে সুতা তৈরির প্রযুক্তিগত উদ্ভাবন স্থানীয় অর্থনীতির জন্য এক উজ্জ্বল সম্ভাবনা। এ ধরনের সৃষ্টিশীল উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকারি ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে।”
জুন ৩০, ২০২৬
আগস্ট ২৫, ২০২৬
আগস্ট ২৪, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১১ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১১ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১১ নভেম্বর, ২০২৬
বিনোদন | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।