পাহাড় ডিঙিয়ে বিদ্যুৎহীন স্কুলে ছুটে আসে শিশুরা, ৮ম শ্রেণির পর অনিশ্চয়তা

অনলাইন ডেস্কঃ
১১ নভেম্বর, ২০২৬ ১১:৫৮ এএম
শেয়ার করুন:
পাহাড় ডিঙিয়ে বিদ্যুৎহীন স্কুলে ছুটে আসে শিশুরা, ৮ম শ্রেণির পর অনিশ্চয়তা

পাহাড়ি আঁকাবাঁকা পথ, বিদ্যুৎহীন ভ্যাপসা শ্রেণিকক্ষ আর তীব্র গরম—কোনো প্রতিকূলতাই দমাতে পারছে না বান্দরবানের লামা উপজেলার বনপুর সাংগু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। জ্ঞানের আলো পেতে প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে তারা ক্লাসে ছুটে আসে। তবে এত কষ্টের পরও অষ্টম শ্রেণির গণ্ডি পেরোনোর পর শিক্ষার্থীদের ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তায়। এলাকায় মাধ্যমিকের উচ্চতর ধাপ না থাকায় মাঝপথেই থেমে যেতে বসেছে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বহু কোমলমতি শিক্ষার্থীর পড়াশোনা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম বনপুর রাজাপাড়ায় ২০১৮ সালে স্থানীয় শিক্ষানুরাগী মাস্টার সাহেদ, মাস্টার বদর উদ্দোজা ও হেডম্যান চ্যাং ম্রোর যৌথ উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে একটি পাকা ভবন নির্মিত হলেও তা এখনো মৌলিক সুবিধাবঞ্চিত। বর্তমানে এখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। 

বিদ্যুৎহীন শ্রেণিকক্ষে হাঁসফাঁস  
দীর্ঘ পাহাড়ি পথ হেঁটে স্কুলে এসেও স্বস্তিতে বসার সুযোগ পায় না শিক্ষার্থীরা। তীব্র গরমে শ্রেণিকক্ষে বিদ্যুৎ ও ফ্যান না থাকায় পাঠদানে ব্যাঘাত ঘটে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুরজাহান বেগম জানায়, “দীর্ঘ পথ পায়ে হেঁটে স্কুলে আসতে এমনিতেই ভীষণ ক্লান্তি লাগে। এরপর ক্লাসে বিদ্যুৎ বা ফ্যান না থাকায় অসহ্য গরমে পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। শ্রেণিকক্ষে ফ্যানের ব্যবস্থা থাকলে অন্তত স্বস্তিতে ক্লাস করতে পারতাম।”

ঝরে পড়ার শঙ্কা ও বাল্যবিয়ে  
অষ্টম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর নবম ও দশম শ্রেণিতে পড়তে শিক্ষার্থীদের যেতে হয় দূরের বিদ্যালয়ে। পাহাড়ি দুর্গম পথ পাড়ি দেওয়া, যাতায়াতের সময় এবং অতিরিক্ত যাতায়াত বা হোস্টেল খরচের কারণে দরিদ্র পরিবারের সন্তানদের পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। 

সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছাইমা আক্তার ও অষ্টম শ্রেণির মোহাম্মদ আরফাতের ভাষ্যমতে, নিজ এলাকায় নবম-দশম শ্রেণি না থাকায় দূরের স্কুলে যেতে অতিরিক্ত খরচ বহন করতে পারে না পরিবার। ফলে অনেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়ে। বিশেষ করে দূরের বিদ্যালয়ে পাঠানো অনিরাপদ মনে করে অনেকেই মেয়ে শিক্ষার্থীদের বাল্যবিয়ে দিয়ে দেন। বিদ্যালয়টিতে এসএসসি পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকলে দরিদ্র ঘরের সন্তানেরাও পড়ালেখা চালিয়ে যেতে পারত।

কষ্টে দিন কাটছে শিক্ষকদেরও  
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের জীবনও নানা সংকটে জর্জরিত। প্রতিদিন ৩ থেকে ৪ কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে স্কুলে আসেন শিক্ষকেরা। বিদ্যালয়টিতে আর্থিক সংকটের কারণে তাঁদের বেতন-ভাতাও অনিয়মিত।  
সহকারী শিক্ষক মংপ্রু মারমা ও অথোয়ই মারমা জানান, আধুনিক যুগেও দুর্গম এই অঞ্চলের বিদ্যালয়টি ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তীব্র গরমে পাঠদান করানো যেমন কঠিন, তেমনি নিয়মিত বেতন না পাওয়ায় সংসার চালাতেও হিমশিম খেতে হয়। এলাকার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সরকারের সুদৃষ্টি কামনা করেন তাঁরা।

প্রয়োজন দশম শ্রেণিতে রূপান্তর  
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদ্দাম হোসেন বলেন, “দুর্গম এই জনপদের পাহাড়ি ও বাঙালি দুই সম্প্রদায়ের শিশুদের শিক্ষার আলো দিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু অষ্টম শ্রেণির পর হোস্টেলে থেকে পড়ার আর্থিক সামর্থ্য অধিকাংশ পরিবারের নেই। প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এলে বিদ্যালয়টিকে দশম শ্রেণি পর্যন্ত উন্নীত করা সম্ভব। এতে বহু দরিদ্র শিক্ষার্থীর ঝরে পড়া বন্ধ হবে।”

কর্তৃপক্ষের বক্তব্য  
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বিদ্যালয়টি প্রতিকূল পরিবেশেও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবকাঠামোগত ঘাটতি কিংবা আর্থিক সংকটের বিষয়গুলো সুনির্দিষ্টভাবে লিখিত আকারে জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।