ভারতের এক রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি, প্রস্তুত ২১ উদ্ধারকারী দল

অনলাইন ডেস্কঃ
২৬ অক্টোবর, ২০২৬ ১:১৯ পিএম
শেয়ার করুন:
ভারতের এক রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি, প্রস্তুত ২১ উদ্ধারকারী দল

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিয়েছে। আগামী বুধবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। দুর্যোগ মোকাবিলায় রাজ্যজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। পরিস্থিতি সামাল দিতে জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর ২১টি উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, পূর্বমধ্য ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হচ্ছে। এটি দ্রুত শক্তি বৃদ্ধি করে প্রবল ঘূর্ণিঝড় এবং পরবর্তীতে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল নাগাদ অন্ধ্রপ্রদেশের বাপাটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে এটি উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রমকালে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার এবং দমকা বা ঝড়ো হাওয়ার আকারে তা ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ঘূর্ণিঝড়ের তীব্রতা বিবেচনায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার কড়া নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্যোগপরবর্তী জরুরি পরিষেবা পুনরুদ্ধারে কোনো ধরনের কালক্ষেপণ সহ্য করা হবে না। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে জেলা প্রশাসনগুলোকে নিয়ন্ত্রণকক্ষ চালু এবং প্রতি চার ঘণ্টা অন্তর বিশেষ বুলেটিন প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং গভীর সমুদ্রে থাকা সব মাছ ধরার নৌকাকে অবিলম্বে তীরে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের কারণে যোগাযোগ ও পরিবহনব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় উপকূলীয় এলাকার অন্তঃসত্ত্বা নারীদের আগেভাগেই নিরাপদ দূরত্বে হাসপাতালে স্থানান্তরের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

উদ্ধার ও জরুরি ত্রাণ কার্যক্রমের জন্য অন্ধ্রপ্রদেশে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১০টি এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) ১১টি বিশেষ দল মোতায়েন রয়েছে।

এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং মধ্য উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী—এমনকি কিছু এলাকায় অস্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। ঝড়ো বাতাসে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিদ্যুৎ বিভাগকেও সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সাধারণ মানুষকে মাটিতে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার স্পর্শ না করার অনুরোধ জানিয়ে যেকোনো জরুরি প্রয়োজনে বিদ্যুৎ বিভাগের হেল্পলাইন নম্বরে (১৯১২) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।