রাজধানীতে ‘শ্রমিক বার্তা’র লেখক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ রহমতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
১১ অক্টোবর, ২০২৬ ১০:৩১ এএম
শেয়ার করুন:
রাজধানীতে ‘শ্রমিক বার্তা’র লেখক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

দ্বি-মাসিক ‘শ্রমিক বার্তা’ পত্রিকার দশম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘লেখক ও গুণীজন সংবর্ধনা ২০২৬’। শনিবার (১০ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, এমপি। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি।

অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আকন্দ, মাসিক কিশোরকণ্ঠের সম্পাদক বিশিষ্ট কবি মোশাররফ হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল জব্বার, নাঙ্গলকোট-লালমাই উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় ও তাদের সুখ-দুঃখের কথা তুলে ধরতে ‘শ্রমিক বার্তা’ গত নয় বছর ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। গণমাধ্যম হিসেবে পত্রিকাটি মেহনতি মানুষের কণ্ঠস্বর হয়ে আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে কলম সৈনিকদের ভূমিকা অপরিসীম। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় লেখক ও বুদ্ধিজীবীদের অব্যাহত সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান এবং আগামী দিনেও পত্রিকার অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিশিষ্ট লেখক ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।