মঠবাড়িয়ায় বিআরডিবি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন: মাইক্রোবাস ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৫ নভেম্বর, ২০২৬ ৬:০৮ পিএম
শেয়ার করুন:
মঠবাড়িয়ায় বিআরডিবি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন: মাইক্রোবাস ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মাইক্রোবাসের অনেকাংশ এবং একটি মোটরসাইকেলের আংশিক পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বিআরডিবি অফিস সূত্রে জানা গেছে।

কার্যালয়ের কর্মচারী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৪টার দিকে হঠাৎ বিআরডিবি কার্যালয় চত্বরে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, অফিসের পাশে রাখা বিআরডিবির সভাপতি মনিরুজ্জামানের মাইক্রোবাস এবং অফিসের বারান্দায় রাখা চারটি মোটরসাইকেলের মধ্যে একটিতে আগুন জ্বলছে।

এ সময় প্রত্যক্ষদর্শীদের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে মাইক্রোবাসটির অনেকাংশ ও মোটরসাইকেলটির আংশিক পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় বিআরডিবি কার্যালয়। 

পরবর্তীতে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভেতরে প্রবেশ করে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, রাত ৪টার দিকে হঠাৎ ফোনের মাধ্যমে তিনি বিআরডিবি দপ্তরে আগুন লাগার খবর পান। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, যার ফলে কার্যালয়টি বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পায়। সঠিক তদন্তের মাধ্যমে জড়িত দুর্বৃত্তকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই সেখানে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িত দুর্বৃত্তকে শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।