চিৎমরম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব: তিন পার্বত্য জেলার হাজারো পুণ্যার্থীর ঢল

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
২৪ নভেম্বর, ২০২৬ ৭:১২ পিএম
শেয়ার করুন:
চিৎমরম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব: তিন পার্বত্য জেলার হাজারো পুণ্যার্থীর ঢল

নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় মহোৎসব ‘দানোত্তম শুভ কঠিন চীবর দান’। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ পুণ্যময় উৎসবে যোগ দিতে তিন পার্বত্য জেলা (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) থেকে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে। বিহারের দায়ক-দায়িকা ও উদযাপন কমিটির যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ধর্মীয় সভাপতিত্ব করেন বাংলাদেশ পার্বত্য জেলা রাজ নিকায় মার্গের মহা সংঘনায়ক এবং চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের। 

দিনব্যাপী এ মহোৎসবটি দুটি পর্বে বিভক্ত ছিল। সকালে প্রথম পর্বের শুরুতে বিশ্বশান্তি কামনায় বুদ্ধ বন্দনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ গ্রহণ এবং সংঘদান ও পিন্ডদান অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় পর্বে দুপুর ২টা ১০ মিনিটে মঙ্গলাচারণের মধ্য দিয়ে শুরু হয় মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা। এ পর্বে ভক্ত ও পুণ্যার্থীদের পঞ্চশীল গ্রহণ, বহুল প্রতীক্ষিত কঠিন চীবর দান, বৌদ্ধ ভিক্ষুদের সদ্ধর্ম দেশনা, প্রদীপ পূজা এবং সভাপতির সমাপনী ভাষণ ও পুণ্যফল উৎসর্গের মাধ্যমে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হয়।

অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার জেনারেল ইমতিয়াজ মাহমুদ। প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দিপু) এবং বিশেষ দায়ক হিসেবে অংশ নেন জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।

বক্তব্যে প্রধান দায়ক দীপন তালুকদার বলেন, “জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমার দাবির প্রেক্ষিতে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের সকল অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।”

গেস্ট অব অনার জেনারেল ইমতিয়াজ মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, “বৌদ্ধ ধর্ম অহিংসা ও শান্তির বাণী প্রচার করে। কঠিন চীবর দানের মতো এমন পুণ্যময় ও মহতী আয়োজনে হাজার হাজার পুণ্যার্থীর স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল উপস্থিতি সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কঠিন চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক থোয়াই হাচিং মারমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব হলাথোয়াই অং মারমা। এ সময় উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সাচিংউ মারমা, যুগ্ম সদস্য সচিব মংসুইউ মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন। পূজা ও দানানুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।