ছাত্রলীগ নেতাদের পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়া বিএনপি নেতা বহিষ্কার

অনলাইন ডেস্কঃ
২৪ নভেম্বর, ২০২৬ ১০:৫৬ এএম
শেয়ার করুন:
ছাত্রলীগ নেতাদের পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়া বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম আফসর উদ্দিন। তিনি কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সহসভাপতি পদে দায়িত্বরত ছিলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়। 

দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কানাইঘাট থানার এসআই নিয়াজ মোহাম্মদ শরীফের নেতৃত্বে পুলিশের একটি দল সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একটি মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন সিলেট জেলা ছাত্রলীগের সদস্য শাহিদ রানা এবং তার নিকটাত্মীয় সাদেক আহমদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মুলাগুল বাজারে অভিযান চালায়। সেখানে ‘মানবসেবা মেডিকেল’ নামের একটি দোকানের সামনে থেকে পুলিশ তাদের দুজনকে আটক করে।

তবে আটকের পরপরই শাহিদ রানার বড় ভাই বিএনপি নেতা আফসর উদ্দিনের নেতৃত্বে একদল নেতাকর্মী ও স্বজন পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা জোরপূর্বক পুলিশের হেফাজত থেকে ওই দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে যান। এলাকাটি পাহাড়ি অঞ্চল হওয়ায় অতিরিক্ত পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। 

এ বিষয়ে কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, নাশকতা সৃষ্টির চেষ্টার খবর পেয়ে পুলিশ মুলাগুল বাজারে অভিযান চালিয়ে শাহিদ রানা ও সাদেক আহমদকে আটকের চেষ্টা করেছিল। কিন্তু বিএনপি নেতা আফসরসহ তাদের সহযোগীরা পুলিশের কাজে বাধা দেয় এবং আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।