বর্ণিল সাজে মাগুরা: ঐতিহ্যবাহী কাত্যায়নী উৎসবে মানুষের ঢল

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
১৬ নভেম্বর, ২০২৬ ৮:০৭ পিএম
শেয়ার করুন:
বর্ণিল সাজে মাগুরা: ঐতিহ্যবাহী কাত্যায়নী উৎসবে মানুষের ঢল

ঐতিহ্য ও রাজকীয় আড়ম্বরের মধ্য দিয়ে মাগুরায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। উৎসবকে ঘিরে জেলা শহরসহ পুরো মাগুরাজুড়ে বইছে আনন্দের বন্যা। প্রাচীন রাজপ্রাসাদের আদলে নির্মিত দৃষ্টিনন্দন প্রবেশদ্বার, নান্দনিক প্যান্ডেল, আধুনিক আলোকসজ্জা আর বাঁশ-বেতের সুনিপুণ কারুকাজে উৎসবের নগরীতে রূপ নিয়েছে মাগুরা। মহা সপ্তমীর পূজা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে নেমেছে ভক্ত ও দর্শনার্থীদের বাঁধভাঙা ঢল।

গত রোববার (১৫ নভেম্বর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী ১৯ নভেম্বর বিজয়া দশমীর পূজা, দর্পণ বিসর্জন ও সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই বর্ণাঢ্য আয়োজন। 

সরেজমিনে শহরের নিজনান্দুয়ালী, জামরুলতলা, সাতদোহাপাড়া, নতুন বাজার ও পারনান্দুয়ালীসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে জমজমাট উৎসবের চিত্র। দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রতিটি মণ্ডপেই রাখা হয়েছে বৈচিত্র্য আর নতুনত্বের ছোঁয়া। লোকজ ঐতিহ্যের বাঁশ, বেত ও কুটিরশিল্পের নিপুণ ব্যবহারে কোথাও ফুটিয়ে তোলা হয়েছে প্রাচীন রাজপ্রাসাদের রূপ, আবার কোথাও ঐতিহ্যবাহী জমিদারবাড়ির স্থাপত্যশৈলী। এর সঙ্গে আধুনিক বর্ণিল আলোকসজ্জা এবং সাউন্ড সিস্টেমের মেলবন্ধনে প্রতিটি মণ্ডপে সৃষ্টি হয়েছে এক রাজকীয় পরিবেশ।

প্রতিবছর এই কাত্যায়নী পূজাকে ঘিরে মাগুরায় লাখো মানুষের মিলনমেলা বসে। জেলার অভ্যন্তরীণ দর্শনার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত এবং প্রতিবেশী দেশ থেকেও ভক্ত-দর্শনার্থীরা ছুটে আসেন এ উৎসব উপভোগ করতে। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি পরিণত হয়েছে এক অনন্য সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতির মেলবন্ধনে।

স্থানীয় ইতিহাস ও প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, আনুমানিক ১৯৫০ সালের দিকে মাগুরার পারনান্দুয়ালী এলাকার সতীশ মাঝি নামে এক ব্যক্তি প্রথম এই কাত্যায়নী পূজার সূচনা করেন। সময়ের পরিক্রমায় সেই ক্ষুদ্র আয়োজন আজ জেলার প্রধান ঐতিহ্যবাহী ও সার্বজনীন এক মহোৎসবে পরিণত হয়েছে।

এদিকে উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‍্যাবের পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশের একাধিক ভ্রাম্যমাণ দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। 

সব মিলিয়ে ধর্মীয় আবেগ, সমৃদ্ধ ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি আর সম্প্রীতির মেলবন্ধনে রাজকীয় সাজে সেজেছে পুরো মাগুরা। উৎসবের এই দিনগুলোতে দর্শনার্থী ও ভক্তদের পদচারণায় মুখর থাকবে উৎসবের এই নগরী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।