গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে: ঢাকা রেঞ্জ ডিআইজি

অনলাইন ডেস্কঃ
১৬ নভেম্বর, ২০২৬ ৭:৪৫ পিএম
শেয়ার করুন:
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে: ঢাকা রেঞ্জ ডিআইজি

সহিংসতা ও উত্তেজনার রেশ কাটিয়ে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। 

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জেলা শহরের পুরাতন লঞ্চঘাট পুলিশ বক্সের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে দুই হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। অতিরিক্ত ডিআইজি, এসপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে থাকা ৬৭ কিলোমিটারে পুলিশের ক্রস পেট্রোলিং জোরদার করা হয়েছে।” 

তিনি জানান, জননিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষায় পুলিশ, এপিবিএন, আরআরএফ এবং ১০ প্লাটুন বিজিবি সমন্বিতভাবে মাঠে কাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও সরকারি স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

এর আগে সোমবার সকাল থেকেই জেলার জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে। সব সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠান যথানিয়মে খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে গত রবিবার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে ব্যাপক উত্তেজনা ও সংঘাতের সৃষ্টি হয়। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর এবং গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক পরিবর্তন এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশের ঘটনাও ঘটে। 

উদ্ভূত পরিস্থিতির জেরে রবিবার রাতেই গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহসহ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) তাৎক্ষণিক বদলি করা হয়।

রবিবারের সহিংসতার ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে ডিআইজি বলেন, “ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই কেবল জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে; কোনো নিরপরাধ মানুষকে অহেতুক হয়রানি করা হবে না।” জেলায় স্থায়ী শান্তি বজায় রাখতে এবং জনজীবনে স্বস্তি ফেরাতে তিনি গোপালগঞ্জের সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।