মামাতো ভাইকে আনতে যাওয়ার পথে বাসের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৬ নভেম্বর, ২০২৬ ৮:১২ পিএম
শেয়ার করুন:
মামাতো ভাইকে আনতে যাওয়ার পথে বাসের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

বরিশালের আগৈলঝাড়ায় মামাতো ভাইকে কর্মস্থল থেকে আনতে গিয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সৌরভ ফালিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার জোবারপাড় বড়মগড়া বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের সুধীর ফালিয়ার ছেলে।

নিহতের মামাতো ভাই রথীন ঘরামী জানান, তিনি আগৈলঝাড়া থানার সামনের ‘শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডার’-এর একজন কর্মচারী। রাতে তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বানারীপাড়া থেকে মোটরসাইকেল চালিয়ে রওনা দেন সৌরভ। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সৌরভ না পৌঁছানোয় পরিবারের পক্ষ থেকে তাঁর মুঠোফোনে কল দেওয়া হয়। এ সময় ফোনটি রিসিভ করে পুলিশ দুর্ঘটনার খবর জানায়। পরে হাসপাতালে গিয়ে সৌরভের নিথর মরদেহ শনাক্ত করেন স্বজনেরা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, কুয়াকাটা থেকে বেনাপোলগামী ‘সেভেন স্টার পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ সৌরভ বাসের নিচে চলে যান এবং গুরুতর আহত হন। 

স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রুবাইদা সৌরভকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।