পিরোজপুরে বাড়ির সামনেই ট্রাকচাপায় অটোরিকশাচালকের মর্মান্তিক মৃত্যু

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৬ নভেম্বর, ২০২৬ ১২:৫২ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে বাড়ির সামনেই ট্রাকচাপায় অটোরিকশাচালকের মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরে নিজ বাড়ির সামনেই নির্মাণসামগ্রীবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নজরুল শেখ (৪৫) নামের এক অটোরিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল শেখ স্থানীয় বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নজরুল শেখ বাড়ির সামনে নিজের অটোরিকশায় বসে ছিলেন। এ সময় নির্মাণসামগ্রী বোঝাই একটি ট্রাক পেছনের দিকে (ব্যাক গিয়ারে) যাওয়ার সময় অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নজরুল শেখ ছিটকে পাকা সড়কে পড়ে যান এবং মুহূর্তের মধ্যেই ট্রাকের পেছনের চাকা তার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর পিষ্ট হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।