ফরিদপুরে নাশকতা প্রতিরোধে নায়াব ইউসুফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৬ নভেম্বর, ২০২৬ ১১:২৫ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে নাশকতা প্রতিরোধে নায়াব ইউসুফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

দেশব্যাপী বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল এবং বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জানা গেছে, শহরের কমলাপুরে চৌধুরী নায়াব ইউসুফের বাসভবন ‘ময়েজ মঞ্জিল’ থেকে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় ও ফরিদপুর প্রেসক্লাব সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শহরের থানার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পথসভায় চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। এখন তারা আবারও দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে সচেতন জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।”

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “দেশের মাটিতে সন্ত্রাস ও ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই। কোথাও কোনো নাশকতামূলক বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে দেখলে জড়িতদের তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।” বিএনপি শান্তিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করে এসেছে।

পথসভা শেষে মোটরসাইকেল শোডাউনটি শহরের ভাঙ্গা রাস্তার মোড় ও রাজবাড়ী রাস্তার মোড় প্রদক্ষিণ করে। পরে কানাইপুরসহ ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কর্মসূচি শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।