এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৫টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দোকানপাট ও মালামাল হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলো।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের পল্লী চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশের একটি চা দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকান ও সংলগ্ন বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। চোখের পলকেই ১৮টি দোকান ও ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ফার্মেসি ব্যবসায়ী তপন কুমার কান্নাজড়িত কণ্ঠে বলেন, "রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমিয়েছিলাম। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ফার্মেসিসহ বাজারের বহু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কীভাবে কাটিয়ে উঠব, তা ভেবে পাচ্ছি না।"
ঘটনাস্থল পরিদর্শন শেষে গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ময়নুল হক রাসেল বলেন, "আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে নিমিষেই সবকিছু পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও যোগাযোগ ব্যবস্থার কারণে তাদের পৌঁছাতে দেরি হয়। তার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করছি।"
স্থানীয় সাবেক প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল জানান, এই বাজারে প্রায় ৫০টির মতো ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে আগুনে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং ৫টি বসতঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে নেছারাবাদ ফায়ার স্টেশন কর্মকর্তা মো. কলিমুল্লাহ বলেন, "খবর পাওয়ার পরপরই আমরা রওনা হই। তবে নদী পারাপারের জন্য ফেরি ও যোগাযোগ ব্যবস্থার জটিলতার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।"
এদিকে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন দিশেহারা। নতুন করে ঘুরে দাঁড়াতে তারা সরকার ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জরুরি আর্থিক সহায়তার জোর দাবি জানিয়েছেন।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।