নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্কঃ
১১ নভেম্বর, ২০২৬ ২:২১ পিএম
শেয়ার করুন:
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় আলোচিত এক মাদ্রাসাছাত্রী (১২) ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতক কন্যার যাবতীয় দায়িত্বভার রাষ্ট্র গ্রহণ করেছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ওই শিশুটিকে নিজ মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় শিশুটি ঘটনাটি গোপন রাখে এবং মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে স্বজনদের সন্দেহ হয়। চিকিৎসকের কাছে পরীক্ষা-নিরীক্ষার পর মাত্র ১২ বছর বয়সী শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

ঘটনাটি প্রকাশ্যে এলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। ছায়াতদন্তে নেমে র‍্যাব-১৪ ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করে এবং পুলিশ তাকে তিন দিনের রিমান্ডে নেয়।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তান জন্ম দেয়। আদালতের নির্দেশে সিআইডি নবজাতক ও অভিযুক্ত শিক্ষক সাগরের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ডিএনএ পরীক্ষায় নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯% মিলে যায়, যা বৈজ্ঞানিকভাবে আসামির পিতৃত্ব ও অপরাধ প্রমাণ করে।

অকাট্য ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। 

আদালত সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি সাগর মামলা থেকে মুক্তি পেতে নিজের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ আসামির উপস্থিতিতে এ চূড়ান্ত রায় ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।