থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
৮ নভেম্বর, ২০২৬ ৭:২৫ পিএম
শেয়ার করুন:
থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বান্দরবানের থানচিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

এদিন সকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে থানচি বাজারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাল্টিপারপাস হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মংশৈম্রাই মারমা এবং সাবেক যুগ্ম সম্পাদক ইন্দ্রিয় জয় ত্রিপুরা। 

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন—উপজেলা কৃষক দলের আহ্বায়ক মংসাগ্য মারমা, যুবদলের সভাপতি মংসিংহাই মারমা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জওয়াইপ্রু মারমা, থানচি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু নোমান, তিন্দু ইউনিয়ন সভাপতি শৈবাথোয়াই মারমা, রেমাক্রী ইউনিয়ন সভাপতি মংএনু মারমা ও সাধারণ সম্পাদক উবামং মারমাসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক দিন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য সুসংহতকরণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় এ দিনের ভূমিকা অবিস্মরণীয়। বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে জনগণের মৌলিক অধিকার, বাক্‌স্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে সোচ্চার হতে হবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে পারস্পরিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

সভাপতির বক্তব্যে খামলাই ম্রো বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যের দর্শন ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মীকে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।