মাদক, অপরাধ ও যানজট দমনে ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির কঠোর বার্তা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৮ নভেম্বর, ২০২৬ ৩:২২ পিএম
শেয়ার করুন:
মাদক, অপরাধ ও যানজট দমনে ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির কঠোর বার্তা

ফরিদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও কিশোর গ্যাং নির্মূল এবং শহরের যানজট নিরসনে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানানো হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ড. নিখিল রঞ্জন বিশ্বাস, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল মতীন, অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, ডেপুটি সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান, সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. আশরাফ আলী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার, জেল সুপার শওকত হোসেন মিয়া, আনসার ও ভিডিপির জেলা কমান্ডার চন্দন দেবনাথ এবং বিআরটিএর সহকারী পরিচালক পলাশ খীসা।

এ ছাড়া সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

সভায় বক্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। বিশেষ করে মাদকের বিস্তার রোধে মাদক কারবারি ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এ ছাড়া চুরি, ডাকাতি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, অপরাধপ্রবণ এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়।

ফরিদপুর শহরের তীব্র যানজট নিরসনে সভায় বিস্তারিত আলোচনা হয়। গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ পার্কিং উচ্ছেদ, লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।

সভায় নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে, ইভটিজিং ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অপপ্রচার বা গুজবের মাধ্যমে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও গোয়েন্দা সংস্থাকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, "আইনশৃঙ্খলা রক্ষা করা কেবল প্রশাসন বা পুলিশের একক দায়িত্ব নয়। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং একটি অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাধারণ নাগরিক—সবার সমন্বিত সহযোগিতা অপরিহার্য।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।