পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান: ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ১ লাখ টাকা জব্দ

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৮ নভেম্বর, ২০২৬ ১২:১৬ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান: ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ১ লাখ টাকা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজার এলাকার মেসার্স উর্মি এন্টারপ্রাইজের সামনের পাকা রাস্তা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—সাফা গ্রামের মোজাম্মেল বেপারীর ছেলে রুবেল বেপারী (২৯) এবং দেবীপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এমাদুল দফাদার (২৭)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সার্বিক নির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল-মাহবুবের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মোস্তফা শওকাত জামান, এসআই পলাশ বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স সাফা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ২ হাজার ১৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৬ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল-মাহবুব জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি আরও বলেন, "মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। মাদকের মতো সর্বনাশা অপরাধসহ যে কোনো সমাজবিরোধী কর্মকাণ্ড বন্ধে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।