পিরোজপুরে প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৪ অক্টোবর, ২০২৬ ৬:৩৬ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা

পিরোজপুরে প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে এক প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

“ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রু স্ট্রেন্দেনড ইন্টারজেনারেশনাল গ্রুপস ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ (ISIGOP)” প্রকল্পের আওতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এই সভার আয়োজন করে।

সভায় রিকের বিভাগীয় মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নিজাম উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবং সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিকের আইএসআইজিওপি প্রকল্পের জেলা সমন্বয়কারী মইনুল আহসান মুন্না।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশা’র এরিয়া ম্যানেজার মো. বাবুল হোসেন, উদ্দীপনের প্রোগ্রাম অফিসার অমিত বিশ্বাস, ইউপি প্যানেল চেয়ারম্যান শাহনাজ পারভীন, মো. আক্তারুজ্জামান সুমন, রিকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফারুক রহমান এবং আন্তঃপ্রজন্ম ক্লাবের প্রবীণ ও নবীন সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সরকার বয়োবৃদ্ধ নাগরিকদের কল্যাণে বয়স্ক ভাতা, চিকিৎসাসেবাসহ নানা ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রেখেছে। তবে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের অভাবে অনেক সময় প্রকৃত উপকারভোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করা সম্ভব হলে এসব নাগরিক সেবা আরও স্বচ্ছ ও সহজলভ্য হবে। 

উল্লেখ্য, জার্মান ফেডারেল মন্ত্রণালয় ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ) এবং হেল্পএজ জার্মানির আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পাইলটিং আকারে গত দুই বছর ধরে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের সহযোগী অংশীদার হিসেবে রয়েছে জার্মান কো-অপারেশন ও অ্যাকশন ডয়েচল্যান্ড হিলফট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।