পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৮ নভেম্বর, ২০২৬ ৮:০৪ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীর তাৎক্ষণিক তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি। 

শনিবার (২৮ নভেম্বর) ভোর আনুমানিক পাঁচটার দিকে উপজেলার ধানিসাফা ইউনিয়ন বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে দেয়ালে এবং প্রাচীরের ওপর দিয়ে ভেতরের অংশে কাপড় পেঁচিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রাচীরের পাশে আগুন জ্বলতে দেখে পাশের একটি কার্যালয়ের নৈশপ্রহরী গ্রামীণ ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল খালেককে দ্রুত খবর দেন। তিনি তাৎক্ষণিক ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হন। ফলে আগুন ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রামীণ ব্যাংকের ধানিসাফা ইউনিয়ন শাখার ব্যবস্থাপক জসিম জমাদ্দার বলেন, "ভোরে দুর্বৃত্তরা ব্যাংকে আগুন দেওয়ার অপচেষ্টা চালায়। তবে নৈশপ্রহরী দ্রুত বিষয়টি টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এ প্রসঙ্গে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষকেও তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।