সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি, বাংলাদেশির কারাদণ্ড

অনলাইন ডেস্কঃ
২৬ নভেম্বর, ২০২৬ ৫:২৪ পিএম
শেয়ার করুন:
সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি, বাংলাদেশির কারাদণ্ড

সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে এক বিমানবালাকে যৌন হয়রানি এবং পরবর্তীতে মাতাল অবস্থায় এক পুলিশ কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপের অভিযোগে খন্দকার মো. ইয়ামিন (২৩) নামের এক বাংলাদেশি যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত। স্থানীয় সংবাদমাধ্যম *দ্য স্ট্রেইটস টাইমস*-এর বরাতে এ তথ্য জানা গেছে। 

আদালতের নথি ও প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ ঘটনার সূত্রপাত। ফ্লাইটে ভ্রমণকালে অতিরিক্ত মদপান (তিন গ্লাস ওয়াইন) করে মাতাল হয়ে পড়েন ইয়ামিন। ভোর আনুমানিক চারটার দিকে আসনে বসা অবস্থায় তিনি ২৬ বছর বয়সী এক বিমানবালার স্পর্শকাতর স্থানে আপত্তিকরভাবে স্পর্শ করেন। ভুক্তভোগী বিমানবালা তাৎক্ষণিক ক্ষুব্ধ হয়ে তাকে স্পর্শ করতে নিষেধ করলে ইয়ামিন কোনো কথা না বলে কেবল তার দিকে তাকিয়ে হাসেন। 

ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি তাঁর সহকর্মীদের জানান। ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই পুলিশ ইয়ামিনকে গ্রেপ্তার করে। তবে পরবর্তীতে তিনি ব্যক্তিগত মুচলেকায় (বন্ড) জামিনে মুক্তি পান।

জামিনে বের হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে ইয়ামিন ফের পুলিশের হাতে আটক হন। গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া সংলগ্ন জালান বেরসেহ এলাকায় তাঁকে মাত্রাতিরিক্ত মাতাল অবস্থায় দেখা যায়। সে সময় তিনি মাটিতে বসে চিৎকার-চেঁচামেচি ও কান্নাকাটি করছিলেন এবং তাঁর নাক দিয়ে রক্ত ঝরছিল। চিকিৎসাকর্মীরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিতে গেলে তিনি অসহযোগিতা ও উগ্র আচরণ করেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে 'পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে' নিয়ে যায়। সেখানে তিনি দায়িত্বরত পুলিশের কাছে সিগারেট দাবি করেন। সিগারেট না পেয়ে ইয়ামিন আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং একপর্যায়ে তাঁকে নিয়ন্ত্রণে রাখতে গেলে এক পুলিশ কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপ করেন।

আদালতে ইয়ামিন নিজের অপরাধ স্বীকার করেন। নারী ক্রুকে যৌন হয়রানি এবং সরকারি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের ওপর অপরাধমূলক বলপ্রয়োগের দুটি পৃথক অভিযোগে দোষী সাব্যস্ত করে সিঙ্গাপুরের আদালত তাঁকে চার মাসের কারাদণ্ডাদেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।