এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে উপজেলা বিএনপির পদ ছাড়ার ঘোষণা দেওয়া নেতা বোরহান মাহমুদকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে দায়ের হওয়া একটি চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর বোরহান মাহমুদকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজা পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বোরহান বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙামুলারকান্দি গ্রামের মওলা শেখের ছেলে। তিনি উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে তিনি কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে চলাফেরা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী থানা-পুলিশ মধুখালী থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে বোরহানকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্প্রতি ফেসবুকে নিজের পদত্যাগের ফটোকার্ড প্রকাশ করে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’র কথা জানান বোরহান মাহমুদ। এরপর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। পরদিন তিনি ফেসবুক লাইভে এসে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দল ধ্বংসের অভিযোগ তোলেন।
এদিকে বোরহানের এসব কর্মকাণ্ডের পর তাঁর বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে জিম্মি, চাঁদা দাবি এবং ‘মব’ তৈরির চেষ্টার অভিযোগ আনেন সঞ্জয় সাহা। তাঁর দাবি—কাশিয়ানীর দুই যুবকের কাছ থেকে ৮৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া, স্থানীয় একটি ইটভাটায় ২০ লাখ টাকা এবং অপর এক ব্যক্তির কাছে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে বোরহানের বিরুদ্ধে। তাঁর শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি এক জরুরি সভা ডেকেছে।
অন্যদিকে, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এক ফেসবুক বিবৃতিতে বোরহানের সঙ্গে নিজের কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই বলে জানিয়েছেন।
তবে গ্রেপ্তারের ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বোরহান অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দেন।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইদুর রহমান জানান, "বোরহান মাহমুদ একটি চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।"
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।