বিতর্কিত মন্তব্যের জের: জাবিতে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

অনলাইন ডেস্কঃ
২৫ নভেম্বর, ২০২৬ ১০:৫৩ এএম
শেয়ার করুন:
বিতর্কিত মন্তব্যের জের: জাবিতে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য ও আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে। একই দিনে শিক্ষার্থীদের তীব্র আপত্তির মুখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) একটি অনুষ্ঠান থেকেও অতিথি হিসেবে তাঁকে বাদ দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, টেলিভিশন টকশোসহ বিভিন্ন মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানবিরোধী অবস্থান নেওয়া এবং ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে হলের প্রভোস্ট পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই আদেশে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেগম সুফিয়া কামাল হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, একই দিন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিডার্স ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে অধ্যাপক স্নিগ্ধাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিষয়টি জানাজানি হলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত আয়োজকরা তাঁকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে অনুষ্ঠানের আহ্বায়ক ও ডিআইইউর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, “আমরা প্রথমে অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে শিক্ষার্থীদের আপত্তি ও উদ্ভূত সমালোচনার কারণে পরবর্তীতে তাঁকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে। অন্য অতিথিদের নিয়েই অনুষ্ঠানটি সম্পন্ন হবে।”

ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাবের বিন নুর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অধ্যাপক স্নিগ্ধা জুলাই গণঅভ্যুত্থানকে প্রকাশ্যে ‘স্ক্যাম’ বলে অভিহিত করেছেন এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। জুলাই বিপ্লবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানবিরোধী অবস্থানের সঙ্গে জড়িত কাউকেই ক্যাম্পাসে কোনো ধরনের জায়গা দেওয়া হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।