ছয়তলা থেকে লাফ দেওয়া ড্যাফোডিল শিক্ষার্থীর লাইফ সাপোর্টে মৃত্যু

অনলাইন ডেস্কঃ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩০ পিএম
শেয়ার করুন:
ছয়তলা থেকে লাফ দেওয়া ড্যাফোডিল শিক্ষার্থীর লাইফ সাপোর্টে মৃত্যু

ভবনের ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

জান্নাতুল ফেরদৌস ইবনাত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের (বিবিএ) শিক্ষার্থী ছিলেন (ব্যাচ ২৩২, ৬৫তম ব্যাচ)। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পার্শ্ববর্তী চানগাঁও এলাকার একটি ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দেন ইবনাত। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন বলে জানা গেছে। ভবনের ছাদ থেকে লাফ দেওয়ার আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি চলন্ত রিকশা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এছাড়া প্রায় এক বছর আগেও বিরুলিয়া ব্রিজ থেকে নদীতে লাফ দিয়েছিলেন তিনি। সে সময়ও তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আইসিইউতে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ করে তোলা হয়েছিল।

ইবনাতের এই অকাল ও মর্মান্তিক প্রয়াণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার, শিক্ষক এবং সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।