ফরিদপুরের নগরকান্দায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় সৎ ফুপার যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৫ নভেম্বর, ২০২৬ ৫:৫৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় সৎ ফুপার যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের পর মানিকগঞ্জে আটকে রেখে ধর্ষণের দায়ে তার সৎ ফুপা মো. শরিফুল ইসলামকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলামের বাড়ি পাবনার আতাইকুলা উপজেলার নন্দনপুর গ্রামে। তবে বিয়ের পর থেকেই তিনি নগরকান্দায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ অক্টোবর ভুক্তভোগী স্কুলছাত্রী প্রসাধন সামগ্রী কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় শরিফুল ইসলাম তাকে ঢাকার বাইপাইলে আপন ফুপুর বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করেন। পরে তাকে ঢাকায় না নিয়ে মানিকগঞ্জের একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। সেখানে ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন তাকে দফায় দফায় ধর্ষণ করা হয়।

পরবর্তীতে ভুক্তভোগী মোবাইল ফোনে কৌশলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানালে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় ওই বছরের ১৬ অক্টোবর স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শরিফুল ইসলামকে একমাত্র আসামি করে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে ২০২১ সালের ৩০ নভেম্বর নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ তোফাজ্জল হোসেন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

রায়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, “দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো—অপরাধ করে আইনের হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। সমাজে এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে এ রায় একটি কঠোর বার্তা পৌঁছে দেবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।