থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন: কাবাডি ও ফুটবলে দুই বিদ্যালয়ের শিরোপা জয়

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
৪ নভেম্বর, ২০২৬ ৭:৩৩ পিএম
শেয়ার করুন:
থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন: কাবাডি ও ফুটবলে দুই বিদ্যালয়ের শিরোপা জয়

বান্দরবানের থানচিতে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে কাবাডিতে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের বালক দল এবং ফুটবলে বলীপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল আড়াইটায় থানচি মিনি স্টেডিয়ামে পৃথক দুটি খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। 

কাবাডির বালক বিভাগের ফাইনালে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বী বলীপাড়া বাজার উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, বালিকাদের ফুটবল ফাইনালটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর। টানটান উত্তেজনার এ ম্যাচে থানচি বালিকা উচ্চ বিদ্যালয়কে ৫–৪ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় বলীপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের বালিকারা।

'একশনএইড বাংলাদেশ'-এর সহযোগিতায় এবং বলীপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) বাস্তবায়নাধীন 'ওয়ার্ল্ড সোশ্যাল সার্ভিস' (ওএসএসএস) প্রকল্পের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টে বলীপাড়া ইউনিয়নের ২টি এবং থানচি ইউনিয়নের ২টিসহ মোট ৪টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।

খেলা শেষে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেন, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি উপ-পরিদর্শক (এসআই) বাসু দেব, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম এবং থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনকেএস-এর উপ-পরিচালক উবানু মারমা, বিএনকেএস ও ওএসএসএস প্রকল্পের ফাইন্যান্স ম্যানেজার ম্যাম্যাসি মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকরা। অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।