পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৪ নভেম্বর, ২০২৬ ১২:২৫ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

পিরোজপুর সদর উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি গ্রামের তালুকদার বাড়ির তসলিম তালুকদারের পুকুরে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবারের দাবি, সোমবার (২ নভেম্বর) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে। পরদিন মঙ্গলবার সকালে পুকুরে একের পর এক মাছ মরে ভেসে উঠতে দেখলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

ক্ষতিগ্রস্ত তসলিম তালুকদার জানান, পুকুরটিতে বিভিন্ন প্রজাতির প্রায় ১ হাজার ২০০ মাছ ছিল। মাছগুলো বেশ বড় হওয়ায় শিগগিরই তা বিক্রির উদ্দেশ্যে ধরার পরিকল্পনা চলছিল। কিন্তু মঙ্গলবার সকালে নিয়মিত খাবার দেওয়ার পরও কোনো মাছই তা খেতে আসেনি। এর কিছুক্ষণ পরই দেখা যায়, ঝাঁকে ঝাঁকে মাছ মরে পানির ওপর ভেসে উঠছে। তাঁর দাবি, বিষ প্রয়োগের ফলেই সব মাছ মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। 

পরিবারের সদস্য মিরন তালুকদার জানান, সকালে খাবার ছিটিয়ে দেওয়ার পরও মাছ সাড়া না দেওয়ায় তাঁদের সন্দেহ হয়। পরে মরা মাছ ভেসে উঠতে দেখে তাঁরা বুঝতে পারেন পুকুরে বিষ দেওয়া হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মহসিন তালুকদার নামে আরেক সদস্য বলেন, "পুকুরের পরিবেশ পুরোপুরি স্বাভাবিক ছিল। সকালে হঠাৎ মাছগুলো মরে ভেসে উঠতে দেখে আমরা স্তব্ধ হয়ে যাই। কে বা কারা এমন শত্রুতা করল, তা বুঝতে পারছি না।" স্থানীয় বাসিন্দা আবু হোসেন মল্লিকও জানান, সকালে তিনি পুকুরে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে থাকতে দেখেছেন। 

এ বিষয়ে পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।