ভাণ্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র বাতিল, পরীক্ষা হবে শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসায়

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৩ নভেম্বর, ২০২৬ ৮:৩৪ পিএম
শেয়ার করুন:
ভাণ্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র বাতিল, পরীক্ষা হবে শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসায়

নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশের ঘাটতি থাকায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রটি ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসায় স্থানান্তর করা হয়েছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান ফাজিল (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২৫-এর ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নকলমুক্ত ও পরীক্ষার উপযুক্ত অনুকূল পরিবেশ বজায় না থাকায় আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসা (কেন্দ্র কোড: ৫৬৮) পরীক্ষা কেন্দ্রটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ নভেম্বর থেকে পরবর্তী সব পরীক্ষা নতুন কেন্দ্র ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসায় (কেন্দ্র কোড: ৫৬৭) অনুষ্ঠিত হবে। বিষয়টি সংশ্লিষ্ট সব পরীক্ষার্থীকে দ্রুত ও আবশ্যিকভাবে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি, অলিখিত উত্তরপত্র, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র এবং আয়-ব্যয়ের হিসাব আগামী ৩ নভেম্বরের মধ্যে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে হবে। 

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর স্মারকের প্রেক্ষিতে উপাচার্যের অনুমোদনক্রমে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, শতভাগ নকলমুক্ত, স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করাই প্রশাসনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের স্বার্থে ও পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতেই কেন্দ্র পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।