'জেলার শ্রেষ্ঠ শিক্ষক' শরীফুলের প্রতিষ্ঠানে বাণিজ্য বিভাগে কেউ পাস করেননি

অনলাইন ডেস্কঃ
২ নভেম্বর, ২০২৬ ১:৩৮ পিএম
শেয়ার করুন:
'জেলার শ্রেষ্ঠ শিক্ষক' শরীফুলের প্রতিষ্ঠানে বাণিজ্য বিভাগে কেউ পাস করেননি

বিশ্ব শিক্ষক দিবসে চলতি বছরই জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেয়েছিলেন অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম। অথচ তাঁর পরিচালিত কলেজের বাণিজ্য বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। 

সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ফলাফলে দেখা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের বাণিজ্য বিভাগ থেকে এবার ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। এছাড়া কলেজটির বিএম (ব্যবসায় ব্যবস্থাপনা) শাখা থেকেও ফলাফল সন্তোষজনক নয়; সেখানে ১৭১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩০ জন।

এ বিষয়ে অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম বলেন, “আমাদের কলেজে বাণিজ্য শাখাটি চালু হয়েছে মাত্র দুই বছর হলো। এবার এ শাখা থেকে ৩ জন পরীক্ষায় অংশ নিয়েছিল, তবে দুর্ভাগ্যবশত কেউ পাস করতে পারেনি।” উল্লেখ্য, তিনি এ কলেজের দায়িত্ব পালনের পাশাপাশি ‘সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব টেকনোলজি’ (SIT) নামে আরও একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হন।

এদিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩৭ দশমিক ৮৮ শতাংশ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার জানান, জেলায় মোট ২২ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮ হাজার ৫৮৫ জন। এর মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছেন ৩০১ জন। জেলায় পাসের হার ও ফলাফলের দিক থেকে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৪৬ দশমিক ২৬ শতাংশ (জিপিএ-৫ ২০১ জন) এবং ছাত্রদের পাসের হার ২৯ দশমিক ৪১ শতাংশ (জিপিএ-৫ ৯৯ জন)। তিনি আরও জানান, জেলায় শতভাগ অনুত্তীর্ণ বা শূন্য পাস প্রতিষ্ঠানের তালিকা যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরিন জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য, ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চেয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ (চিঠি) দিয়ে ব্যাখ্যা চাওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।